সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
আজ ১৯ জুলাই ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আখলাক উল জামিলসহ পানি সম্পদ ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অংশীজনবৃন্দ।
সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, নদ-নদীর পানির বর্তমান পরিস্থিতি, বন্যা ও নদীভাঙন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক মহোদয় নদীভাঙনপ্রবণ এলাকা, বন্যা ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা রয়েছে এমন স্থানগুলো নিয়মিত পর্যবেক্ষণ, তাৎক্ষনিক প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে দ্রুত কার্যকর উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।