সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মানিকগঞ্জ জেলায় মোট ৮৪৮ জন অসহায় ও দুরারোগ্য রোগীকে এ ধরনের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।