শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জান্নাতুল মাওয়া জান্নাতি নামে
পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবি (৩৫) আদালতে জবানবন্দি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি রবিউল শিকদার বুধবার (২২ জুলাই) রাতে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিনে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে। নিহতের স্বজনদের অভিযোগ, তারা রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। মেয়েটিকে ধর্ষণের পর সে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনেরা।
পরে সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদার রবিকে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।