শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) মো. মনি মিয়া শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকালে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
নিহত মো. মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মনি মিয়ার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।