সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক এ তথ্য জানিয়েছেন।
এর আগে ফল প্রকাশের তারিখ ২০ জুলাই নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি ছিল।
এরও আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।