রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিখোঁজের দু’দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাফিস ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী এবং সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিন আগে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন নাফিস। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবার ও স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলের দিকে সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল আনুমানিক ৬টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।