মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুন্সীগঞ্জে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে মুন্সীগঞ্জ জেলার উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত জুলাই শহীদদের কবর জিয়ারত করা হয়। এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলার প্রাণকেন্দ্র সুপারমার্কেট সংলগ্ন কৃষি ব্যাংক মোড়ে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, জুলাই শহীদদের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের চেতনা পৌঁছে দিতে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শহীদদের আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।