বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, কারখানা সিলগালা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জের শিবালয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানকারী দল। এ ঘটনায় ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ নামের একটি সিগারেট কারখানা সিলগালা করেছে কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ। (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানাধীন ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান চালান। এতে নেতৃত্ব দেন জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (শিবালয় সার্কেল) মো. আলমগীর মনসুর।

অভিযানকারী দল জানায়, নিবন্ধিত পণ্যের আড়ালে অননুমোদিত পণ্য প্রস্তুত করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল ব্যান্ডরোলের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কারখানা থেকে ৩৭ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ হাজার শলাকা হিসেবে মোট ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।

ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: