সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
কেরামত আলী,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—বক্তারপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন ওরফে বাবু (৩২) , একই এলাকার তোতা মিয়ার ছেলে সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩), রবিউল ইসলাম গাজী(২২)।
পুলিশ জানায়, হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে গত ১৯ আগস্ট ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়। এ ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার ও ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় ৬ জনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।