বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা গুজব বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন।
লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল তথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’
সম্প্রতি কোনো সূত্র ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ইলিয়াস কাঞ্চনের পরিবারও এর আগে বিভিন্ন সময়ে তার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে।
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ১৫ মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট তিনি দেশে ফেরেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন তিনি।
দেশে ফেরার পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ অনেকে তার সঙ্গে দেখা করেন।
গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন ইলিয়াস কাঞ্চন। পরে পরিবারের সঙ্গে সময় কাটাতে তার কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল।
দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছিলেন তিনি। গত ৯ আগস্ট রাতে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ফেরার পর নিজেকে কিছুটা বেশি স্বস্তিতে অনুভব করছেন। সবার সঙ্গে দেখা করা ও কথা বলতে ভালো লাগছে বলেও জানান তিনি। দ্রুত চিকিৎসা শেষ করে দেশে ফিরতে সবার কাছে দোয়া চান এই অভিনেতা।
ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়ও বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বাবাকে হাসিখুশি দেখে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, ‘আব্বুর মুখের হাসিটাই আমার প্রাণ। আব্বুকে হাসিখুশি দেখে আমারও ভালো লাগছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের স্বজন ও ঘনিষ্ঠজনরা। নির্ভরযোগ্য সূত্রের তথ্য ছাড়া এ ধরনের খবর প্রচার না করারও অনুরোধ জানিয়েছেন তারা।