বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) গজারিয়া উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ২ দিনব্যাপী সুফলভোগী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশীদ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান মহোদয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, ৭ জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মোঃ আব্দুর রহিম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও প্রশিক্ষণ সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয় এবং ১০০ জন কৃষক-কৃষাণীর মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে গজারিয়া উপজেলার চরাঞ্চলে ২৫ জন সুফলভোগীর মাঝে ২৫টি বকনা বাছুর এবং প্রত্যেককে ৫০ কেজি করে প্রাণিখাদ্য বিতরণ করা হয়। সবশেষে গজারিয়ার ফুলদী নদীর মাথাভাঙ্গা প্রান্তে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়।চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।