বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নেপালে ভয়াবহ বন্যায় স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়সহ আটকা পড়েছেন কলকাতার অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তবে ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছেন, তারা সবাই নিরাপদে আছেন। খরাজ মুখোপাধ্যায় গত ২০ আগস্ট একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান। তাঁর সঙ্গে স্ত্রী এবং সিনেমার পুরো শুটিং ইউনিটও সেখানে যায়। পরে দেশটির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলে তারা আটকা পড়েন।
অভিনেতার স্বজন সরস্বতী মুখোপাধ্যায়ের বরাতে জানা গেছে, খরাজ ও তাঁর স্ত্রী বর্তমানে শুটিং ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে নেপালেই অবস্থান করছেন। পরিবারের সদস্যরা ফোনে তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন এবং তারা নিরাপদে থাকার বিষয়টি জানিয়েছেন।
ভারী বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বরফ ও পাথরসহ একটি তুষারধসের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত ও জলবায়ুবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)।
বন্যায় লহেন্দে খোলা নদী ও ভোতেকোশি নদীসংলগ্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া কয়েক শ পর্যটকসহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
খরাজ মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের পরিচিত অভিনেতা, কৌতুকশিল্পী ও গায়ক। বাংলা ও হিন্দি ভাষার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কাহানি’, ‘দ্য নেমসেক’, ‘স্পেশাল ২৬’, ‘পতালঘর’ ও ‘জাতিস্মর’সহ বিভিন্ন সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
সুত্র-এনডিটিভি