সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম
বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাশিয়ার হামলায় ইউক্রেনে ১ কোটি ২০ লাখের বেশি বই নষ্ট মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন নড়াইলে মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার গোপালগঞ্জে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির মনোনয়ন পেলে টুমচরবাসীর কল্যাণে কাজ করতে চান যুবদল নেতা মোক্তার হোসেন সুবর্ণচরে ‘নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা কুলাউড়ায় ৯৪টি ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ কুলাউড়ায় প্রধান শিক্ষিকাকে শোকজের নির্দেশ, বন্ধ শিক্ষকদের অতিরিক্ত বোনাস

গোপালগঞ্জে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ-২০২৬’ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের কার্যক্রম গোপালগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, দ্রোহ ও মানবিক চেতনার চর্চায় আত্মনিয়োগ করে একটি সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক বলয় গড়ে তোলার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

দুই মাসব্যাপী এ প্রতিযোগিতায় নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনাসহ মোট আটটি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার কার্যক্রম ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও কলেজ, সিটি করপোরেশন ও উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা ও ঘুঙুর নৃত্যালয়, গোপালগঞ্জসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও কণ্ঠশিল্পী ফারহান কবীর সিফাতের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এবং শাহনাজ পারভীন শিলুর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও আনন্দঘন পরিবেশ। উপস্থিত অভিভাবকদের অনেকেই বলেন, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিভিন্ন ধরনের আসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: