মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাশিয়ার হামলায় ইউক্রেনে ১ কোটি ২০ লাখের বেশি বই নষ্ট মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন নড়াইলে মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার গোপালগঞ্জে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির মনোনয়ন পেলে টুমচরবাসীর কল্যাণে কাজ করতে চান যুবদল নেতা মোক্তার হোসেন সুবর্ণচরে ‘নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা কুলাউড়ায় ৯৪টি ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্টসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মোবাইল ফোনগুলো তল্লাশি করে মোট ১১৩টি অনলাইন জুয়ার অ্যাপসের সন্ধান পাওয়া যায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌরসভার এফএনএফ শপিং মলের পেছনের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদিউল ইসলাম বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল (৪২), মো. ইমরান খান (৪৪) ও মো. বিল্লাল বিশ্বাস (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করে তল্লাশি চালানো হয়। প্রাথমিক পর্যালোচনায় বদিউল ইসলাম বদির মোবাইলে ২৩টি, সাইফুর রহমানের মোবাইলে ৬৪টি, ইমরান খানের মোবাইলে ৪টি এবং বিল্লাল বিশ্বাসের মোবাইলে ২২টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা পাওয়া যায়। সব মিলিয়ে চারটি মোবাইলে ১১৩টি অনলাইন জুয়ার অ্যাপসের সন্ধান পাওয়া গেছে।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অবৈধভাবে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের মধ্যে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: