বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযান: চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৭

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে চারটি ব্যাটারিসহ একটি চোরাই ইজিবাইক উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। একই অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি দল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার জশুরগাঁও এলাকায় জব্বারের অটোগ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এর আগে রাত ২টা ৪৫ মিনিটের দিকে এএসআই শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীনগর থানাধীন চকবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জশুরগাঁও এলাকায় শ্রীনগর বাজার থেকে দোহারগামী সড়কের পাশে জব্বারের অটোগ্যারেজের সামনে কয়েকজন ব্যক্তি চোরাই ইজিবাইক/অটোরিকশা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সাতজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছয়জনকে আটক করা সম্ভব হয়। তবে একজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চারটি ব্যাটারিসহ একটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজিবাইকের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ পাইকশা পূর্বপাড়ার হালিম মৃধার ছেলে মো. সুমন মৃধা (৪৫), জশুরগাঁও এলাকার জয়নাল আবেদিনের ছেলে জিসান (২৩), একই এলাকার দেলোয়ার শেখের ছেলে মো. নুর হোসেন (২২), পশ্চিম বেজগাঁও মোল্লাবাড়ি এলাকার হাশেম শেখের ছেলে মো. সফিকুল ইসলাম বাব (২০), উত্তর কোলাপাড়া এলাকার আব্দুর রব শিকদারের ছেলে সাজ্জাত কবির (৩৫) এবং জশুরগাঁও এলাকার ওহিদ খাঁর ছেলে মো. মনির (৪০)। তাদের সবার বাড়ি শ্রীনগর থানার আওতাধীন এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইজিবাইক ও ব্যাটারি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: