বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে জিআর বরাদ্দ হস্তান্তর নড়াইলে দুগ্ধ সমবায় সমিতির ৫০ জনের মাঝে ঋণের চেক বিতরণ গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠিত তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি লক্ষ্মীপুরের বিতর্কিত প্রকৌশলী ইকবাল স্ট্যান্ড রিলিজ কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান, এহছানুল হককে পরিকল্পনা কমিশনে বদলি জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের বিকল্প নেই – জহির উদ্দিন স্বপন

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো এবং যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সচেতন মহল। এ দাবিতে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। কিন্তু এ মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এতে যাত্রী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিদাতারা সেলফী পরিবহনের গত কয়েক বছরের দুর্ঘটনার রেকর্ড, সংশ্লিষ্ট মামলা, গাড়ির ফিটনেস, রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং প্রশিক্ষণের বিষয়গুলো তদন্ত করে দেখার দাবি জানান।

সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন বলেন, তদন্তে কোনো ধরনের অনিয়ম, বেপরোয়া গাড়ি চালানো কিংবা ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সেলফী পরিবহনের চালকরা নিয়মিতভাবে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা মেনে চলছেন কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানানো হয়।

কোনো পরিবহন কর্তৃপক্ষ বা চালকের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল রাখার দাবি জানান স্মারকলিপিদাতারা।

পাশাপাশি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সব গণপরিবহনের ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও গতিসীমা নিয়মিতভাবে যাচাই করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সেলফী পরিবহনের প্রকৃত কতটি গাড়ির রুট পারমিট রয়েছে এবং অনুমোদনের বাইরে কতটি গাড়ি বাস্তবে মহাসড়কে চলাচল করছে, তা তদন্ত করে নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
স্মারকলিপিদাতারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। প্রতিটি দুর্ঘটনার সঙ্গে মানুষের জীবন, একটি পরিবারের স্বপ্ন এবং রাষ্ট্রের সম্পদ জড়িয়ে থাকে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সব পরিবহনের বিরুদ্ধে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাগরিক সচেতন সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, সদস্য পীযূষ ফাইটার, মো. চঞ্চল, রুবেল হোসেন, সাকিব আল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: