বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ ক্ষুদ্র ও হকার ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, মুন্সীগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে শহরকে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, ফুটপাত ও সড়কের জায়গায় অবৈধভাবে স্থাপিত দোকান ও অস্থায়ী স্থাপনা নিজ দায়িত্বে স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। সুনাগরিকের দায়িত্ববোধ নিয়ে ব্যবসায়ীরা প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আরও বলেন, অল্প কিছু মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য মুন্সীগঞ্জ শহরের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাত ও সড়ক দখলের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।
তিনি ব্যবসায়ীদের নির্ধারিত ও বৈধ স্থানে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি জনসাধারণের স্বার্থ ও শহরের সার্বিক শৃঙ্খলা বিবেচনায় অবৈধ দখল স্বেচ্ছায় সরিয়ে নিয়ে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় পুরাতন কাচারি এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ব্যবসা-বাণিজ্যকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।