শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই নারীকে আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বস্ত্র ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক রিটু শিকদার এবং এলিট ফেব্রিক্সের স্বত্বাধিকারী নিয়ামুল। ভুক্তভোগী নারী তৃশা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে দুই নারী কাপড় কেনার জন্য গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকার একটি দোকানে যান। পছন্দ না হওয়ায় কাপড় না কিনেই তারা দোকান থেকে বের হয়ে আসেন। এর কিছুক্ষণ পর কয়েকজন দোকানদার ও কর্মচারী তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় তাদের হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। এমনকি জোরপূর্বক তাদের ব্যাগে কাপড় ঢুকিয়ে দিয়ে চোর হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।
ঘটনার সময় নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। পরে বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মারধর ও অপমান করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তারা পারিবারিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এমনকি এর প্রভাব তাদের বৈবাহিক জীবনেও পড়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দুই নারীকে লাঞ্ছিত ও অপমানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।