সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ অর্জন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর ও আলোচিত মামলাসমূহের দ্রুত রহস্য উদঘাটনসহ সার্বিক জনসেবায় অনন্য ভূমিকার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।
দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, সুদৃঢ় নেতৃত্ব এবং দায়িত্বশীলতার এই স্বীকৃতিকে জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এক অভিনন্দন বার্তায় তারা জানায়, পুলিশ সুপারের এই সাফল্য কর্মকর্তা ও কনস্টেবলদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উদ্যমী, নিষ্ঠাবান ও জনবান্ধব হতে অনুপ্রাণিত করবে।
জেলা পুলিশের সকল স্তরের সদস্য ও সর্বসাধারণ এবং এই প্রতিবেদক এর পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।