বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার হরিণহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে হরিণহাটি এলাকার রাসেলের কলোনিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষ ও দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগুনের তীব্রতা বেড়ে পাশের আরেকটি কলোনিতেও ছড়িয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় মুন্ডল মার্কেট এবং আমিনুল ইসলাম ও রাসেল আহমেদের কলোনিতে বসবাসকারী লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে যায়। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলোনির মালিক রাসেল বলেন, “আমার ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়াদের আসবাবপত্র ও দোকানের মালামালও পুড়ে গেছে। এতে আমরা ব্যাপক লোকসানের মুখে পড়েছি।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।