শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম
মেসির শেষ ম্যাচের বিশেষ জার্সির ছবি প্রকাশ ১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তে এখন ডিবি ম্যানচেস্টার সিটি ১১৫টি অভিযোগের ‘অনেকগুলোতেই দোষী সাব্যস্ত’ বাকৃবির ১০ তলা হলে এক বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে, ক্ষোভে নিজ সন্তানকে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখা হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান গ্র্যান্ড মুফতির, জরুরি বৈঠক করবে পাকিস্তান-তুরস্ক

গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভুঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত জোবায়ের ভুঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভুঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন জোবায়ের। এ সময় পূর্বের কথা কাটাকাটির জের ধরে পুখুরিয়া গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

জোবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুখুরিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর দুই পক্ষের লোকজন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে জোবায়েরের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: