শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা খাতুনকে প্রায়ই জমদুয়ারা গ্রামে দেখা যেত। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাসিন্দা ইদ্রিসের ছেলে ইন্না মিয়াকে মাদকের চালান দিয়ে আসছিলেন। শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
স্থানীয়দের উপস্থিতিতে জাহানারা খাতুন দাবি করেন, গত প্রায় এক মাস ধরে তিনি কয়েক দফায় ইন্না মিয়াকে ইয়াবা দিয়ে আসছেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি মো. আমিনুল ইসলাম আরও বলেন, শিবালয়ে মাদক বিক্রি করে কেউ পার পাবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।