বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে জনপ্রশাসন সচিব, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা পরিদর্শনকালে তিনি বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১০টার দিকে তিনি জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি কদবেল গাছের চারা রোপণ করেন। পরে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। র‍্যালি শেষে তিনি পরিচ্ছন্নতা অভিযানেও অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ” বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও কৃষিখাতের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচিবকে অবহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান চৌধুরী সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জনসেবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মুন্সীগঞ্জের ওপর দিয়ে যাতায়াতকারী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সচিব সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারি কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সম্পদ যাতে কোনোভাবে বেহাত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

জেলা পরিদর্শনকালে সচিবের বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: