শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ২৬ মিনিটে উপজেলার নিমতলা রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় সিরাজদিখান ফায়ার স্টেশন। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ওই নারী দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। এতে তার বাম পা কেটে যায়।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রেললাইন পারাপারের আগে ডানে-বামে ভালোভাবে দেখে নেওয়া, রেললাইনের ওপর অযথা বসে থাকা বা হাঁটাচলা থেকে বিরত থাকা এবং রেললাইনে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেলওয়ের সিগন্যাল ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।