রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন বেপারী (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদক মামলা রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে টঙ্গিবাড়ী থানাধীন সোনারং এলাকায় জনৈক আলী আকবর মজুমদারের কমিউনিটি সেন্টারের সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আল আমিন বেপারীর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আল আমিন বেপারী টঙ্গিবাড়ী উপজেলার নয়ানন্দ (রব নগরকান্দি) গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: