মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
৭০ বছর পর আসাম থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলো প্রথম নৌযান জন্মসনদে কারও নাম ‘লক্জ্ক্’, কারও ‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’, কারও ‘দতককা’, ভোগান্তি নাগরিকের শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার, প্রধান শিক্ষক আটক মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মধুমতি লেকে বিসর্জনের অনুমতি, গোপালগঞ্জে দুর্গাপূজায় কড়া নিরাপত্তা এআই–নির্ভর প্রেম–ভালোবাসার সম্পর্কের ওপর চীনের কঠোর নিষেধাজ্ঞা ইতালির চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’ ইরান কি হরমুজ প্রণালিতে গোপনে টোল আদায় করছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত, পড়ার নিয়ম কী

মধুমতি লেকে বিসর্জনের অনুমতি, গোপালগঞ্জে দুর্গাপূজায় কড়া নিরাপত্তা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে বিশেষ সমন্বয় ও আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ শহরের মধুমতি লেকে এ বছর প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ্ শাহীনা নাসরিন।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মণ্ডপগুলোর নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রতিমা বিসর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ কে এম বাবর সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ শহরের মধুমতি লেকে এ বছর প্রতিমা বিসর্জনের অনুমতি দেন।

জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানান, প্রতিটি পূজামণ্ডপকে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।

তিনি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময়সূচি ও নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক পোস্টের মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে বলে সভায় জানানো হয়। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০০২৯৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক আবু হেনা, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মুহাম্মদ মাস-উদ-দুল হক, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামাল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক লাখসানা লাকী এবং গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম।

এছাড়া গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র নাথ বাড়ৈ, কাশিয়ানী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, বিভিন্ন মানবাধিকার ও গণমাধ্যমকর্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: