মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
র্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি দৌলতপুর থানাধীন কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আয়োজন নিয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে র্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান।
এদিকে, শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষা-সংশ্লিষ্ট কর্মসূচিতে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া শেষে প্রধান শিক্ষককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।