বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আন্তর্জাতিক মানবপাচার চক্র ‘বিশু গ্যাং’-এর আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি)। গ্রেপ্তার রঞ্জন মন্ডল (৫৫) চক্রের প্রধান বিশু মন্ডলের বড় ভাই। তিনি এ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
সোমবার (৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইতালিতে পাঠানোর কথা বলে সবুজ মুন্সির কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা ও পাসপোর্ট নেন রঞ্জন মন্ডল ও তার ছোট ভাই বিশু মন্ডল। পরে সবুজকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ায় পাঠানো হয়। তবে তাকে ইতালিতে না পাঠিয়ে বৈধ ভিসা ছাড়াই লিবিয়ায় আটকে রাখা হয় এবং একপর্যায়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, লিবিয়ায় অবস্থানকালে সবুজের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। ভিডিও কলে পরিবারের সদস্যদের দেখিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দফায় মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা আদায় করে চক্রটি। পরে লিবিয়া পুলিশের হাতে আটক হন সবুজ। একপর্যায়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরে আসেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে গোপালগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডল, রঞ্জন মন্ডলসহ চক্রের অন্য সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের প্রধান বিশু মন্ডলকে গ্রেপ্তার করেছিল এসআরবি-৬।
এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার রঞ্জন মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।