বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় যাওয়ার পর ১৮ বছর বয়সী এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুশীল চন্দ্র পালের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুরের আহম্মদ নগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত তরুণী ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার শিশির বণিকের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। পরে তিনি কালিয়াকৈরের সফিপুরের আহম্মদ নগর এলাকায় শান্তর ভাড়া বাসায় যান। সেখানে শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক ঘণ্টা পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সূত্রে জানা গেছে।
পরে শান্ত নিজেই মুঠোফোনে তরুণীর মৃত্যুর খবর তার পরিবারকে জানান। ওই রাতেই তরুণীর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শান্তকে মারধর করে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তকে আটক করে। পরে কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তাকে তাদের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বাবা শিশির বণিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে আটক শান্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হবে। মামলার অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।