মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা ও আসন্ন উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা জেলার ঐতিহ্যবাহী কালিপূজার মেলা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের ঘোষণা দিয়েছেন তিনি।
পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এমপি ডা. কে এম বাবর বলেন, বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিমা বিসর্জনের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালিপূজার মেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া এ মেলা আগামী ১ জানুয়ারি ইনশাআল্লাহ উদ্বোধন করা হবে। এর মাধ্যমে জেলার ঐতিহ্যবাহী উৎসবটি আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিরাপত্তার বিষয়ে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে হবে। জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল সেল খোলা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্কে এ সেলে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে মাদক, ইভটিজিং, উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে পূজা মণ্ডপগুলোতে বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রাখার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তাঁরা পূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তারা, গোপালগঞ্জ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্যসচিব ফজলুল কবির দ্বারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি মনীন্দ্র নাথ বাড়ৈসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।