রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
মো. রফিকুল ইসলাম (রাফি), স্টাফ রিপোর্টার :: রাজধানীর মিরপুরের গাবতলীতে পূর্বশত্রুতার জেরে ছিনতাইকারী সাজিয়ে অপু রাড়ী (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোশারফ হোসেন মুসাকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মুসা হেমায়েতপুরের বাসিন্দা এবং তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাতে গাবতলীর জাফরিন গার্ডেনের সামনে পূর্বশত্রুতার জেরে অপু রাড়ীকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সোহান রাড়ী দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। এর আগে ১ আগস্ট মামলার আরেক আসামি মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছিল।
দারুস সালাম থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোশারফ হোসেন মুসাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।