বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
কানাডার টরেন্ট থেকে আব্দুল জলিল মাকসুদ :: মানবতার টানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা ডিভিশন গ্রুপ। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য গ্রুপটির সদস্যদের উদ্যোগে ৪২৫ কানাডিয়ান ডলার (CAD) সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত অর্থ কানাডা থেকে রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
ঢাকা ডিভিশন গ্রুপের অ্যাডমিনের পক্ষ থেকে জানানো হয়, এ মানবিক উদ্যোগে মালয়েশিয়াপ্রবাসী সাইফুল ভাই ও সৌদিপ্রবাসী কামাল হোসেন বিশেষ সহযোগিতা করেছেন। এ ছাড়া গ্রুপের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও আর্থিক সহায়তা ও দোয়ার মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রুপের অ্যাডমিন।
এদিকে কানাডার টরন্টোর ২৩০ ওক স্ট্রিটের অ্যাপার্টমেন্টের বেজমেন্টে অবস্থিত নামাজের স্থানে কার্পেট স্থাপনের জন্য আরও ১ হাজার ডলার অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে তাহের মামার সহধর্মিণী সাবিহা আক্তার ৫০০ ডলার এবং জামাল লিংক এয়ারওয়েজের প্রোপ্রাইটারের পক্ষ থেকে ৫০০ ডলার প্রদান করা হয়। এ মহতী উদ্যোগের জন্য অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
পাশাপাশি সাবিহা আক্তারের বাবার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে অসুস্থ মামাতো ভাই নাজিম উদ্দিন নাদিমের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।
ঢাকা ডিভিশন গ্রুপের অ্যাডমিনের পক্ষ থেকে বলা হয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। গ্রুপের সদস্যদের ভালোবাসা, ঐক্য ও সহযোগিতার এ বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা মহান আল্লাহর কাছে সকলের দান, দোয়া ও নেক নিয়ত কবুল এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।