সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক ও অন্যান্য খবর বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিচারের তদন্তে সময় লাগবে, দেশে আগে এমন মামলা হয়নি: প্রসিকিউটর তামিম জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০ জন পুলিশ পরিদর্শককে আকস্মিক বদলি করে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ১০ জন নিরস্ত্র পরিদর্শকের বদলির আদেশ জারি করা হয়। সাধারণত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে বা পেশাগত বিতর্ক তৈরি হলে তাঁকে প্রধান কার্যালয় কিংবা অন্য কোনো রেঞ্জে সংযুক্ত রাখা হয়। তবে এই তালিকায় এমন কিছু কর্মকর্তা স্থান পেয়েছেন, যারা অতীতে বিভিন্ন কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রেঞ্জে সংযুক্ত অবস্থায় ছিলেন।

বদলির এই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নাম পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম, যিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগে গোপালগঞ্জে জমি অধিগ্রহণ ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সম্পত্তি দখলের অভিযোগে তাঁর নাম উঠে এসেছিল এবং প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় বিতর্কের মুখে তাঁকে খুলনা থেকে প্রথমে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল। দীর্ঘ সাড়ে পাঁচ মাস ওই সংযুক্তির আদেশ বহাল থাকার পর এবার সেই আদেশ বাতিল করে তাঁকে ঢাকা রেঞ্জের অধীনে নিয়ে আসা হলো।

তালিকায় থাকা অন্য বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু এবং পরিদর্শক মোড় হাসানুজ্জামান। এ ছাড়া খুলনা ও কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন থানায় অতীতে দায়িত্ব পালন করা আরও বেশ কয়েকজন কর্মকর্তাকেও এই প্রজ্ঞাপনের আওতায় ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির সই করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থের কথা উল্লেখ করা হলেও মূলত কী কারণে এত দ্রুত এই বদলি করা হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় পদায়ন করা হতে পারে। সাম্প্রতিক সময়ে ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ধরনের রদবদল আনা হচ্ছে। তবে তড়িঘড়ি করে নেওয়া এই পদায়ন নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: