শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আসা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ভবনের পঞ্চম তলার অডিটোরিয়ামে আয়োজিত গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কোর্সে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সনদ তুলে দেন। এ কোর্সে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন দৈনিক বাঙলার জাগরণ-এর সাব-এডিটর মোঃ রফিকুল ইসলাম (রাফি)।
প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রায়ই অভিযোগ শোনা যায়, এখন মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন। বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাংবাদিক হতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে এ পেশায় আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনতে সরকার কাজ করছে। পিআইবিকে আরও শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। দেশের উন্নয়নে এ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ভবিষ্যতে নিজেদের অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার পাশাপাশি সম্পাদিত ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের শেষে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন সহযোগী অধ্যাপক মনিরা সারমিন, পঙ্কজ কর্মকার, প্রভাষক লাজিনা জেসলিন ও শুভ কর্মকার।
পিআইবির এ প্রশিক্ষণ কর্মসূচিতে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে দৈনিক বাঙলার জাগরণ-এর সাব-এডিটর মোঃ রফিকুল ইসলাম (রাফি) তাঁর পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণলব্ধ যোগ্যতার স্বীকৃতি অর্জন করেন।