শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

৬ মাসে যা যা অর্জন জানাল ঢাবি প্রশাসন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর গত আগস্ট মাসে নিজেদের দায়িত্ব গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান প্রশাসন। বিগত ৬ মাসে নানা কাজের উদ্যোগ গ্রহণ এবং অসংখ্য কাজের বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

রোববার (৯ মার্চ) বিকেলে আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ৬ মাসের বিস্তারিত তথ্য তুলে ধরেন উপাচার্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে গড়ে তোলা গণরুম সংস্কৃতি বিলুপ্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মান ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান কর্নার’ ও ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করা হয়েছে। সংগ্রহশালায় শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধ ও শহীদ ফারহান ফাইয়াজের ব্যবহৃত জিনিসপত্র স্থান পেয়েছে। এছাড়া, গণঅভ্যুত্থানকে উপজীব্য করে একটি সম্মেলন আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম শিক্ষার্থীদের বিশেষ আপদকালীন আর্থিক সহায়তা কার্যক্রম চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনে আহত ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন কেমন হবে সে লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ভিন্ন ভিন্ন তিনটি কমিটি গঠিত হয়েছে। কমিটিগুলোর সুপারিশের ওপর নির্ভর করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১০টি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১৫১ কোটি ৫৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ১৬৮টি ভবন সংস্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কার্যপরিধি বাড়ানোর পাশাপাশি আইনি লড়াইয়ে বিশ্ববিদ্যালয় যাতে ভালো করতে পারে এ লক্ষ্যে বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে।

গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের ৫টি হলে কম্পিউটার প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচল সহজ করতে চালু করা হয়েছে ফ্রি শাটল বাস সার্ভিস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: