শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন বছরের দ্বিতীয় সর্বোচ্চ

আকবর খাঁন স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিয়ে ডি-লিস্ট গুজবের কারণে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। তবে সোমবার (২৫ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সেই গুজব কাটিয়ে বড় উত্থান দেখিয়েছে ব্যাংক ও বিমা খাতের শেয়ার। এতে সব সূচক বেড়েছে, লেনদেনও হয়েছে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। বাজারসংশ্লিষ্টদের মতে, এ উত্থান বিনিয়োগকারীদের আস্থার প্রতিচ্ছবি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট। ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৭ পয়েন্ট, আর শরিয়াহ সূচক বেড়েছে ৯ পয়েন্ট।

দিনের লেনদেনে ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২২ কোটি ৫০ লাখ টাকা। তবে এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।

লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল সিটি ব্যাংক। কোম্পানিটির ৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে বিকন ফার্মাসিউটিক্যালস, যার লেনদেন ৩২ কোটি ৪ লাখ টাকার। তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং করপোরেশন, কোম্পানিটির লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকার। এ ছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল মালেক স্পিনিং, সোনালি পেপার, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোকেমিক্যাল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

ডিএসইতে সোমবার দাম বেড়েছে ২৩৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ১১৪টির, অপরিবর্তিত ছিল ৪৪টির। ব্যাংক খাতের ৩০ কোম্পানির শেয়ার বেড়েছে, কমেছে মাত্র ১টির। বিমা খাতের ৫৫টির শেয়ার বেড়েছে, কমেছে মাত্র ৩টির।

ভালো মানের বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৪৪টির দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ১৭টির। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৭ কোম্পানির শেয়ার বেড়েছে, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় তথাকথিত ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যেও ৩৫টির শেয়ার দাম বেড়েছে। কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯টির দাম বেড়েছে, ৩টির দাম কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএএসপিআই সূচক বেড়েছে ১৭০ পয়েন্ট। বাজারটিতে ২৩৪ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির দাম বেড়েছে, ৬০টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৪৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: