শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা আবেদনপত্র জমা দেন। ডা. শফিকুর রহমানের ভ্যারিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে এই আবেদন করা হয়, যা পরে তার দলের পক্ষ থেকে হ্যাকিংয়ের ফল বলে দাবি করা হয়।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং তা সংবিধানস্বীকৃত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন।
আবেদনে বলা হয়, কর্মজীবী নারীদের সম্পর্কে ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত মন্তব্য কুরুচিপূর্ণ, অবমাননাকর ও গভীরভাবে নারীবিদ্বেষী। এতে দেশের কোটি কোটি শ্রমজীবী নারীর আত্মমর্যাদা, সামাজিক অবদান ও শ্রমের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ পেয়েছে।
হ্যাকিংয়ের দাবি প্রসঙ্গে আবেদনকারীরা বলেন, একটি ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কথিত হ্যাকিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা, নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন বা প্রামাণ্য তথ্য এখনো জনসমক্ষে আসেনি, ফলে এই দাবি সন্দেহজনকই থেকে গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, হ্যাকিং অভিযোগে বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার দেখানো হলেও পুলিশের বক্তব্যে পরস্পরবিরোধিতা ছিল এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাই স্বীকার করেন, আটক ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিংয়ে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এতে পুরো ঘটনাপ্রবাহ আরও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তারা দাবি করেন।
নারী নেত্রী ও অধিকারকর্মীরা বলেন, গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে শ্রমজীবী নারীরা দীর্ঘদিন ধরে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের শ্রম ও মর্যাদাকে হেয় করে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য সংবিধান, মানবাধিকার, নারী মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি। তারা বলেন, এমন বক্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দেয়, যা নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশকে ঝুঁকিতে ফেলে।
এই প্রেক্ষাপটে আবেদনকারীরা নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ওই বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার, কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে নারীর মর্যাদা ও শ্রমকে হেয় করে কোনো বক্তব্য না দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার এবং আচরণবিধি ও নৈতিকতার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।
প্রসঙ্গত, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার দাবি করে দলটি সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও নিন্দা জানায়। পরে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে ডিবি আটক করে। গত বৃহস্পতিবার হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তার জামিন মঞ্জুর করেন।