শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আ. রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এস. সরফুদ্দীন আহমেদ সান্টু। গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
তবে এর মধ্যে চোখে পড়ার মতো ছিল ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিস্টার এলেনকা শেরনি এবং মিস্টার মার্টিন স্কারবেজের উপস্থিতি। এ সময় তাঁদের সফরসঙ্গী ছিলেন জাতীয় দৈনিক বাংলার জাগরণ পত্রিকার নির্বাচন পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সকাল থেকে বামরাইল অনাথ বন্ধুবর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় পর্যবেক্ষকরা বলেন, বরিশাল-২ আসনের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তাঁরা প্রার্থী ও ভোটারদের প্রশংসা করেন। পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রতীয়মান হয়েছে যে প্রশাসন চাইলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। তার প্রমাণ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতি এভাবেই একটি নির্বাচনের আশা করেছিল।
এ আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট।