বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের চলমান উদ্যোগের মধ্যেই বরিশালের উজিরপুর মডেল থানার তিনজন কনস্টেবলের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বিভাগ ও স্থানীয় প্রশাসনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়া কনস্টেবলরা হলেন— আরিফ হোসেন, মেহেদী ও আতাউর।
জানা গেছে, পুলিশের সকল সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে পরীক্ষার ফলাফলে উক্ত তিন কনস্টেবলের শরীরে মাদক সেবনের উপস্থিতি পাওয়া যায়।
এরপর তাদের সাময়িকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়। অধিকতর নিশ্চিত হওয়ার লক্ষ্যে তাদেরকে পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
সেখানকার পরীক্ষাতেও একই ফলাফল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান তিন জনকে জেলা পুলিশে কেন রাখা হয়েছে তা উর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো জানেন।
এদিকে বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “ডোপ টেস্ট একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে পুলিশের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। ফলাফল পজিটিভ পাওয়া সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সুশীল সমাজের প্রতিনিধি শামসুল আলম জুলফিকার জানান মাদক সমাজের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। যুব সমাজ আজ ধ্বংসের পথে তাই প্রশাসনকে আরো কঠোর হতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরেও এই ডোপ টেস্টের আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি।