শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার (০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই ক্রীড়া মহাযজ্ঞের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সুস্থ-সবল ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ‘নতুন কুঁড়ি’ থেকেই আগামী দিনের বিশ্বজয়ী অ্যাথলেট তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান কিশোর ক্রীড়াবিদদের দেশপ্রেম ও শৃঙ্খলার সাথে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—এই ৮টি ইভেন্টে ক্ষুদে ক্রীড়াবিদরা তাদের নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাবে। উদ্বোধনী দিনের প্রথম ইভেন্ট হিসেবে জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর এমন বড় পরিসরের ক্রীড়া আয়োজন জেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে। তিন দিনব্যাপী এই আসরটি জেলার ভবিষ্যৎ ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।