মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট পদ্মা ও যমুনা সেতুর জাদুঘর জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। একই সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন স্থাপনা, প্রকল্প ও পুনর্বাসন এলাকায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এর অংশ হিসেবে ৫ আগস্ট যমুনা ও পদ্মা সেতুর জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া কর্তৃপক্ষের আওতাধীন বিনোদন কেন্দ্রগুলোও শিশুদের জন্য বিনামূল্যে খোলা রাখা হবে।

নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে সেতু কর্তৃপক্ষের আওতাধীন পুনর্বাসন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এদিকে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বাদ জোহর সেতু ভবন মসজিদসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সব সাইট অফিস, প্রকল্প এলাকা ও মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযুদ্ধের শহীদ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তি এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এছাড়া সেতু কর্তৃপক্ষের আওতাধীন সব সেতুর টোল প্লাজার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বার্তা প্রদর্শন করা হবে। বিভিন্ন সড়ক, সড়কদ্বীপ ও টোল প্লাজা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সব উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার করে মানসম্মত ও টেকসই অবকাঠামো নির্মাণই তাদের প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জনগণকে উন্নত সেবা দিতে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: