মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ ১১ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সবুজ সরকার।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ পারভীন শিলুর সুনিপুণ উপস্থাপনায় মূল অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধনী পর্বের পর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” শীর্ষক যৌথ সংগীতের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এতে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ শাখা, ঘুঙুর নৃত্যালয় এবং অনিতা নৃত্যকলা একাডেমির শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়াও রাখাল কিশোর ঠাকুর, অর্চনা রায়, প্রফুল্ল কুমার বল, প্রতিমা রায়, বিদ্যুৎ বালা ও নবনিতা ভট্টাচার্য্যের একক সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।