বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি নেতা হাবিব উন নবী খান। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে রিজভী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র—এই তিনটি প্রত্যয় সামনে রেখে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বে দেশ উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশের সুযোগ এবং রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত করেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন ও পানি সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যুর পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আবারও বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।
দেশি-বিদেশি বিভিন্ন সামাজিক জরিপে বিএনপি এবং দলের শীর্ষ নেতৃত্বের জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেন রিজভী।