শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও অনুসারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস”—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এ বাণীকে ধারণ করে এবং “আমার মাঝে আমরা, আমাদের আগে দেশ” স্লোগানকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে জিয়া মঞ্চ।
সম্মেলনে নাটোর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. মুক্তারুজ্জামান মুক্তার বলেন, কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় টিম লিডার মো. আব্দুল মতিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতিকুর রহমান সুজনের নেতৃত্ব ও দিকনির্দেশনায় নাটোরের জিয়া মঞ্চ জনসমর্থিত শক্তিতে পরিণত হয়েছে।
তিনি জিয়া মঞ্চকে দ্রুত নিবন্ধিত অঙ্গসংগঠনের তালিকাভুক্ত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত। উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মো. আব্দুল মতিন।
এ সময় সাংগঠনিক বক্তব্য দেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ।
সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।