রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

টেকনাফে ‘২ দল মাদক ব্যবসায়ীর গোলাগুলি’তে নিহত ৪

কক্সবাজারের টেকনাফে ‘দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে ইয়াবার ভাগাভাগি নিয়ে গোলাগুলি’র ঘটনায় চারজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং পূর্ব সাতঘড়িয়া পাড়া থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন। নিজেদের মধ্যে ইয়াবা ভাগাভাগি নিয়ে গোলাগুলির ঘটনায় তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত চারজন হলেন- হোয়াইক্যং সাতঘরিয়া এলাকার মো. ইসমাইল (২৫) ও আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার মো. নাছির (২৩) এবং পূর্ব মহেশখালীয়া পাড়ার মো. আনোয়ার (২৪)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ওই ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে মজুদ রাখে। ভোরে ইয়াবার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ইয়াবা ব্যবসায়ীরা পুলিকেও লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ওই চারজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: