শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
আমরা গভীর বেদনা ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভাষা আন্দোলনের অগ্রসেনানী, বিশিষ্ট লেখক, চিন্তাবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক আবদুল গফুর আর আমাদের মাঝে নেই। দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক জাতির এই বাতিঘর গত শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। আমাদের জাতীয় ইতিহাসের এক শতাব্দীরকালের সাক্ষী ছিলেন তিনি। জাতীয় বিনির্মাণ, প্রতিষ্ঠা ও স্বাধীনতা এই শতাব্দীরই অর্জন। এসবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন অধ্যাপক আবদুল গফর। তিনি বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ি জেলার এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন ১৯২৯ সালে। স্কুল পর্যায়ে পড়াকালেই তিনি পাকিস্তান আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। ছাত্রকর্মী হিসাবে খ্যাতি অর্জন করেন এবং সিলেট রেফারেন্ডামে সরেজমিন অংশ নেন। ছাত্র হিসাবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৪৭ সালে প্রবেশিকা মানের পরীক্ষায় তিনি বাংলা ও আসামের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৯৪৬ সালে ঢাকার গভর্নমেন্ট ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় নবম স্থান অধিকার করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পাকিস্তান প্রতিষ্ঠার এক মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামে একটি সংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলনের স্থপতি হিসাবে এই সংগঠনের সঙ্গে তিনি সংযুক্ত হয়ে পড়েন তখনই। সংগঠনে আরো যারা ছিলেন, তাদের মধ্যে অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, শাহেদ আলী, সানাউল্লাহ নুরী, আসকার ইবনে শাইখ প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ভাষা আন্দোলনকে বলা হয় ১৯৭১ সালের স্বাধীনতার সূচক আন্দোলন। বলা হয়, এই আন্দোলনের অনুপ্রেরণায় ৬২, ৬৯-এর আন্দোলন অতিক্রম করেই আসে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম। এরই পরিণতি স্বাধীন বাংলাদেশ। অধ্যাপক আবদুল গফুর ভাষা আন্দোলনের সংগঠক ও নেতাই ছিলেন না ভাষা আন্দোলনের মুখপাত্র তমদ্দুন মজলিস থেকে প্রকাশিত ‘সৈনিক’ পত্রিকার সহকারী সম্পাদক ও পরবর্তীতে সম্পাদক ছিলেন। ১৯৪৮ থেকে ১৯৫৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বাংলাভাষার ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবি আদায়ে তার সংগ্রামী চেতনা ও ত্যাগের কোনো তুলনা হয় না। তিনি অনার্স পরীক্ষা না দিয়ে ভাষা আন্দোলনের কাজে নিয়োজিত হন। এর ১১ বছর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পরীক্ষায় উত্তীর্ণ হন। জাতীয় স্বাতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠায় এই ত্যাগের কোনো তুলনা হয় কি?