শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। তিন উপজেলার ২১ ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিন উপজেলাতেই বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক নেই। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছেন মানুষজন। অতিবৃষ্টিতে জেলাজুড়ে মৎস্যখাতে ৫০ কোটি ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে এখন নারী শিশুসহ দেড় সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে। তিন উপজেলায় ৩০ মেট্রিক টন চাল খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া রান্না করা খাবারও দেওয়া হচ্ছে বন্যা দুর্গতদের। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ধোবাউড়া বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। তবে কিছু এলাকায় খাবারের ব্যবস্থা করছেন প্রশাসন। এছাড়াও নেতাই নদীর আশপাশের এলাকায় অন্তত অর্ধশত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। পানিবন্দি অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। উপজেলার কলসিন্দুর, জিগাতলা, পঞ্চনন্দপুরসহ বিভিন্ন পয়েন্টে নেতাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে পুরো উপজেলা প্লাবিত হয়েছে।
ফুলপুর উপজেলার ছনধরা, রামভদ্রপুর, সিংহেশ্বও, ফুলপুর ইউনিয়নের অধিকাংশ ও অন্যান্য ইউনিয়নের আংশিক এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার আমন ফসল ও সবাজি খেত তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের খামার। উপজেলা সদর থেকে কলসিন্দুর পাকা রাস্তা, ঘোষগাঁও ধোবাউড়া পাকা রাস্তা, ঘোষগাঁও বালিগাঁও পাকা রাস্তা, মুন্সিরহাট বাজার থেকে শালকোনা পাকা রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে।
এদিকে হালুয়াঘাটের প্রায় সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান, সবজি খেত ও ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দি হয়ে আছে হাজার হাজার মানুষ। ঘরের মধ্যে পানি ঢোকার কারণে রান্নার কাজও ব্যাহত হচ্ছে। অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন মানুষজন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হাছিনা আক্তার বানু বলেন, জেলার ধোবাউড়া উপজেলায় নিমজ্জিত ধান ১১ হাজার ৭০০ হেক্টর, সম্পূর্ণ নিমজ্জিত ৭ হাজার ৫০০ হেক্টর, আংশিক নিমজ্জিত ৪ হাজার ২০০ হেক্টর ও সবজি ৬০ হেক্টর। হালুয়াঘাটে নিমজ্জিত ধান ৭ হাজার ৬০০ হেক্টর, সম্পূর্ণ নিমজ্জিত ৪ হাজার ১০০ হেক্টর, আংশিক নিমজ্জিত ৩ হাজার ৫০০ হেক্টর ও সবজি ৭৫ হেক্টর। ফুলপুরে নিমজ্জিত ধান ৩ হাজার ৬৩০ হেক্টর, সম্পূর্ণ নিমজ্জিত ১ হাজার ৪৮০ হেক্টর, আংশিক নিমজ্জিত ২ হাজার ১৫০ হেক্টর ও সবজি ৬২ হেক্টর।
বন্যার পানিতে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডৌমঘাটা গ্রামের কবির সারোয়ার সুজনের তলিয়ে গেছে ৪০ একর ফিসারির মাছ ও দেড়শ একর ফসলের ধান।
কবির সারোয়ার সুজন বলেন, ৪০ বছর ধরে মাছ চাষ করে আসছি। জীবনে কখনও এমন পরিস্থিতির শিকার হয়নি। চোখের সামনে ৬টি পুকুরের ৪০ লাখ টাকার কার্প জাতীয় মাছ বানের পানিতে ভেসে গেছে। তিনদিন ধরে পানিতে তলিয়ে আছে দেড়শ’ একর জমির ধান। সবই শেষ হয়ে গেল, সরকার সহযোগিতা না করলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।
আমতৈল গ্রামের সিদ্দিক মিয়া বলেন, রাস্তাঘাটে পানি, ঘরে ও রান্না ঘরেও পানি। এখনও কোনো শুকনা খাবার পেলাম না। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য সহায়তা প্রয়োজন।
কৈচাপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, এমন বন্যা আগে কখনও দেখি নাই। ১৯৮৮ সালের বন্যা দেখেছি, এমন পানি ছিল না। বাড়ি ঘরে পানি উঠেছে। গরু ছাগল নিয়ে বিপদে আছি। গরু পানির মধ্যে বাঁধা। আমরা খুব সমস্যা আছি। চলাফেরা খুব সমস্যা, রাস্তায় বুক সমান পানি। ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়ছে। আমন ধান পানির নিচে পড়ে গেছে। অনেক শাকসবজি জমি তলিয়ে গেছে।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সীমান্তবর্তী হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ী, ঝিনাইগাতি এসব এলাকায় পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টির কারণে যেমন প্লাবিত হয়েছে, এরকম পানি বিগত ১৫-২০ বছরে আমরা দেখেনি। এখানে রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের বাড়ি-ঘর, জমির ফসল গরু ছাগল, হাঁস মুরগি সব নষ্ট হয়ে গেছে। এমন একটা পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই পাহাড়ি ঢল ও বন্যায় বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি এখানে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য। আমরা নিজেদের যা সামর্থ্য আছে সেটা নিয়ে জনগণের পাশে আমরা দাঁড়াচ্ছি। আমরা প্রথম দিন থেকেই মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া, খাবার বিতরণ করে আসছি। প্রত্যেকটা ক্ষতিগ্রস্থ লোকেরা তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ হাজার ৮০ জন মৎস্য চাষি ক্ষতিগ্রস্থ হয়েছেন। সব মিলিয়ে ৫০ কোটি ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিস্থিতি পরিদর্শন শেষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। বন্যাদুর্গত মানুষের চাহিদা মোতাবেক সরকার আমাদের পর্যাপ্ত পরিমাণ সহায়তা দিয়েছে। উপজেলাগুলোতে ৫৮টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছি। সবাই একসাথে কাজ করছে। তাদের জন্য রান্না করা ও শুকনো খাবার দেওয়া হচ্ছে।