শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
রায়হান রেজা, নগর প্রতিনিধি, রাজশাহী : করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসায় প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। হাসপাতালটিতে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে করোনা আক্রান্ত রোগিদের জন্য। এছাড়া করোনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে।
জানা গেছে- গেল ১৫ দিনে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বাড়লেও আক্রান্তের হার স্থিতিশীল। হাসপাতালের ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের টিম। তবে এ বছর করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
সংশ্লিষ্টরা জানান, গত ২৭ মে থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। ওই দিনের পাঁচটি নমুনার একটি করোনা পজিটিভ আসে। এরপর থেকে প্রতিদিনই ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট ৯৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২ মে এক দিনেই ১৫টি নমুনা পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জন শনাক্ত হন।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, কিট স্বল্পতায় ভুগবে না, যদি না আবার বড় ধরনের মহামারি দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা প্রস্তুত আছি। আতঙ্কের কিছু নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে তেমন ঝুঁকি দেখা যাচ্ছে না।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। বাইরে গেলে মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ঠান্ডা-সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তারপরও প্রস্তুতি হিসেবে চিকিৎসক-নার্সদের টিম গঠন করা আছে। ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ডও আছে।
রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন জানান, রাজশাহীর নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ও আইসোলেশনের কোন ঘাটতি নেই। করোনা পরীক্ষা করার জন্য কিট নেই বললে চলে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে শুরুতে চলে আসবে এই কিট। এছাড়াও মাস্ক, স্যানিটাইজারের চাহিদাও পাঠানো হয়েছে।