সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুনারুঘাট উপজেলা অডিটরিয়াম মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জ এর উপপরিচালক মোঃ
আকতারুজ্জামান।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী এ মেলায় কৃষি উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি, কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১০টি থেকে ১২টি স্টল অংশ নিয়েছে।
মেলায় কৃষি খাতের সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বিভিন্ন ফসল, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। দর্শনার্থীরাও সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও গ্রহণ করতে পারবেন। এছাড়াও এ মেলায় রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালী এবং বিভিন্ন ফলদ ও বনজ ঔষধি চারার সমাহার।
মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে ঘুরে দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জ এর উপপরিচালক মো: আকতারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে
আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং ক্ষতিকর কীটনাশকের
বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে হবে। উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাবে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে। এ ধরনের মেলা
কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন ও তা ব্যবহারে উৎসাহিত করবে।”
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সজীব সরকার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত সুত্র জানায়, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ মেলা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই মেলার অন্যতম লক্ষ্য হলো কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কৃষিকে লাভজনক পেশা হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবহার
বিস্তার ঘটলে ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।
তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজনে কৃষকদের জন্য নতুন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা। এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি
প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।