শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের শুরুটা আশানুরূপ করতে পারেনি ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে দেশটি ড্র দিয়ে শুরু করেছে। হেক্সা মিশনে আশা সেলেসাওদের দ্বিতীয় ম্যাচ দুর্বল হাইতির বিপক্ষে। তাই জয়েই চোখ রাখছে দলটি।

আগামীকাল শনিবার (২০ জুন) ভোরে পেনসিলভিনিয়ায় হাইতির মুখোমুখি হবে দলটি।

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের কোনো ম্যাচেই খেলতে পারবেন না তিনি এমনটাই জানিয়েছে ব্রাজিল দলের কর্মকর্তারা। তবে আক্রমণভাগে নেইমার না থাকলেও রয়েছে একাধিক সেরা তারকা। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও বার্সেলোনার রাফিনহা রয়েছে ফরোয়ার্ড লাইনে। তবে ব্রাজিলের মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছে মধ্যমাঠ। ক্যাসেমিরো আর পাকুয়েতা ছাড়া পরীক্ষিত তেমন কোনো মিডফিল্ডার নেই। তবে তারা দু’জনই ফ্লপ করেছেন মরক্কোর বিপক্ষে ম্যাচে। আর রক্ষণভাগেও রয়ে গেছে সমস্যা। ইনজুরির কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকেই ছিটকে যান এডের মিলিতাও।

তবে মার্কুইনোস আর দানিলো রয়েছে ভরসার জায়গায়। মরক্কোর বিপক্ষে একাদশ থেকে পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ। একাধিক পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা তা জানিয়ে দিয়েছে কোচ আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বাজে পারফরম্যান্স ইতালিয়ান কোচ আনচেলত্তির ওপর চাপ ও সমালোচনা দুটোই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শুরুর একাদশে স্ট্রাইকার ইগো চিয়াগো ও রাইট-ব্যাক ইবানেজকে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সেদিন প্রথমার্ধে মাঝমাঠে প্রভাব বিস্তার করতে পুরোপুরি ব্যর্থ ছিলেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা।

দ্বিতীয়ার্ধে দানিলো, ফাবিনিয়ো ও মাথেউস কুইয়া বদলি হিসেবে নামার পর ব্রাজিলের খেলায় কিছুটা গতি বাড়ে। যদিও তা যথেষ্ট হয়নি তাদের ভাগ্য পরিবর্তনে। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

হাইতির বিপক্ষে একাদশ কেমন হবে? এনিয়ে কৌতূহল অনেকেরই। গত বুধবার সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে প্রশ্নে দানিলো বলেন, ‘দলীয় কৌশলের ওপর নির্ভর করে এসব।’

তিনি বলেন, ‘প্রতিটি দলেরই কয়েকজন মূল খেলোয়াড় থাকে। ছয়-সাত কিংবা আটজন খেলোয়াড় থাকে, যারা শুরুর একাদশের নিয়মিত সদস্য এবং সবসময় খেলেন। আর তিন-চারজন থাকে, যাদের ম্যাচ পরিস্থিতি, প্রতিপক্ষ ও কৌশলের ওপর নির্ভর করে খেলানো হয়।’

তিনি আরও বলেন, ‘এখানকার ফুটবল এভাবেই খেলা হয়। প্রতিপক্ষ অনুযায়ী কৌশল সবসময় পরিবর্তন করা হয়।’

মরক্কোর বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার দুই ঘণ্টা আগে শুরুর একাদশ প্রকাশ করেন আনচেলত্তি। দানিলো মনে করেন, এটা আধুনিক ফুটবলেরই অংশ, যদিও সব খেলোয়াড় এই অনিশ্চয়তা পছন্দ করেন না।

দানিলো বলেন, ‘আগামী শনিবারের ম্যাচের জন্য আমাদের প্রায় ৮০ শতাংশ দল চূড়ান্ত হয়ে গেছে, বাকি তিন-চারজন এখনও অনিশ্চয়তায় আছে।’ এরপরই তিনি কিছুটা রসিকতা করেন কোচদের সিদ্ধান্ত নিয়ে। আনচেলেত্তির ব্যাপারে তিনি বলেছেন, ‘কোচরা কিছুটা পাগলাটে হন, মাঝে-মধ্যে তারা এমন দল সাজান এবং এমন কিছু সিদ্ধান্ত নেয়, যার যৌক্তিক কোনো ব্যাখ্যা কেউ খুঁজে পায় না।’

অন্যদিকে হাইতি ১৯৮২ সালের পর বিশ্বকাপে খেলতে এসেছে। ব্রাজিলের বিপক্ষে তারা তাদের সেরাটা দেবে বলে আশা দলটির। দুই দলের মধ্যে পার্থক্য যোজন যোজন তা বলার অপেক্ষা রাখে না। তবে লড়াই করার মানসিকতা রয়েছে দলটির।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: